আগৈলঝাড়ায় স্কুল সংস্কারের চাঁদা না দেওয়ায় শিক্ষককে পিটিয়ে জখম; থানায় মামলা

বরিশালের আগৈলঝাড়ায় বিদ্যালয়ের মাঠ ভরাট কাজের জন্য দাবিকৃত চাঁদা দিতে রাজি না হওয়ায় এক সহকারী শিক্ষককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। উপজেলার চাউকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। বর্তমানে আহত শিক্ষক চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় রবিবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসনে হেনা বাদী হয়ে অভিযুক্ত নুর আলম হাওলাদারের বিরুদ্ধে আগৈলঝাড়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চাউকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ সংস্কারের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে ১ লক্ষ ১৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পান বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালাম মৃধা। অভিযোগ রয়েছে, কাজ শুরু হওয়ার পর থেকেই চাউকাঠি গ্রামের নুর আলম হাওলাদার তার কাছে ৬০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন।

ভুক্তভোগী শিক্ষক আবুল কালাম মৃধা জানান, শুক্রবার রাতে স্থানীয় চাউকাঠি বাজারের একটি দোকানে অবস্থানকালে নুর আলম পুনরায় তার কাছে চাঁদার টাকা চান। টাকা দিতে অস্বীকৃতি জানালে নুর আলম ক্ষিপ্ত হয়ে টর্চ লাইট দিয়ে তাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এ বিষয়ে অভিযুক্ত নুর আলমের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, প্রধান শিক্ষকের লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে। অভিযুক্ত আসামিকে আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *