গৌরনদীতে ভূমি মেলা ২০২৫ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

হয়রানি মুক্তভাবে জনসাধারণের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে জাতীয় ভূমি মেলা ২০২৫ উপলক্ষে বরিশালের গৌরনদীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গৌরনদী উপজেলা ভূমি অফিস ও উপজেলা প্রশাসনের উদ্যোগে রোববার বিকেলে এই কর্মসূচির আয়োজন করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা ভূমি অফিসে গিয়ে শেষ হয়।

বিকেল ৫টায় উপজেলা ভূমি অফিস মিলনায়তনে গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজিব হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি।

সভায় বক্তব্য রাখেন গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক জহুরুল ইসলাম জহির এবং ভূমি অফিসের কানুনগো মোঃ শাহাবাউদ্দিন। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপক নৃপেন্দ্র কুমার, বিএডিসির উপ-প্রকৌশলী মোঃ শাহেদ আহম্মেদ, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মোঃ খায়রুল ইসলাম এবং জাতীয় মানবাধিকার ইউনিটির সভাপতি মোঃ মামুন মিয়া।

আলোচনা সভায় বক্তারা তিন দিনব্যাপী ভূমি মেলা উপলক্ষে সকল ভূমি মালিককে তাদের বকেয়া ভূমি উন্নয়ন কর পরিশোধ করার এবং মেলায় এসে বিভিন্ন ডিজিটাল ভূমি সেবা গ্রহণের আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *