আসন্ন ঈদুল আযহায় ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে বরিশালের গৌরনদীতে উপজেলা সড়ক নিরাপত্তা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রাজীব হোসেন, গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুছ মিয়া এবং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আমিনুর রহমান। এছাড়া সভায় স্থানীয় সাংবাদিক নেতা, বিআরডিবির প্রাক্তন চেয়ারম্যান এবং বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা উপস্থিত থেকে ঈদযাত্রাকে নিরাপদ করার বিষয়ে মতামত প্রদান করেন।
সভায় মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করতে বেশ কিছু কঠোর ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—গৌরনদী বাসস্ট্যান্ড, টরকী, বাটাজোর ও মাহিলাড়াসহ মহাসড়ক সংলগ্ন এলাকাগুলো থেকে অবৈধ দখলদার উচ্ছেদে বিশেষ অভিযান পরিচালনা করা। এছাড়া মহাসড়কে থ্রি-হুইলার, নসিমন ও করিমন চলাচল সম্পূর্ণ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। যানজট নিরসনে পকেট সড়কের থ্রি-হুইলার স্ট্যান্ডগুলো মহাসড়ক থেকে সরিয়ে গয়নাঘাট পুরনো ব্রিজের ওপর স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই সকল সিদ্ধান্ত বাস্তবায়নে উপজেলা প্রশাসন, মডেল থানা, হাইওয়ে থানা ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে মোট ছয়টি বিশেষ টিম গঠন করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতায় এই টিমগুলো একযোগে কাজ করবে বলে সভায় জানানো হয়।
