ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার মাহিলাড়া বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার ওপর অবৈধভাবে ট্রাক পার্কিং করে মালামাল খালাস করার সময় চার বাসের ভয়াবহ সংঘর্ষে দুইজন প্রাণ হারিয়েছেন এবং অন্তত ৩০ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। রোববার রাতে ঘটা এই দুর্ঘটনার পর মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে মাহিলাড়া কাঁচাবাজার সংলগ্ন মহাসড়কের ওপর একটি ট্রাক দাঁড়িয়ে মালামাল নামাচ্ছিল। ওই স্থানটি অতিক্রম করার সময় বরিশালগামী বলাকা পরিবহনের সাথে বিপরীতমুখী এসপি গ্রীন লাইনের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পেছনে থাকা সাকুরা পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে এসপি গ্রীন লাইনকে এবং বলাকা পরিবহনের পেছনে থাকা স্টার ডিলাক্স বাসটি একে অপরকে ধাক্কা দেয়। ফলে চারটি বাসই দুমড়েমুচড়ে যায়।
ফায়ার সার্ভিসের টিম লিডার হাফিজুর রহমান জানান, দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ৩০ জন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে বরিশালে স্থানান্তরের পথে একজন অজ্ঞাতনামা ব্যক্তি মারা যান। গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানান, দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকলেও পুলিশ ও ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় রাত ১১টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকটি জব্দ করেছে এবং এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে, একই দিন দুপুরে গৌরনদীর ইল্লা বাসস্ট্যান্ড এলাকায় বিআরটিসি বাসের ধাক্কায় আহত পথচারী বাবুল প্যাদা (৫০) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা বাবুল প্যাদার মৃত্যুর ঘটনায় পুলিশ পৃথক মামলা দায়ের করেছে এবং ঘাতক বিআরটিসি বাসটি আটক করেছে।
