গৌরনদীতে দাবিকৃত চাদা না পেয়ে হামলার অভিযোগ, প্রতিবাদে দোকানপাট বন্ধ করে মহাসড়ক অবরোধ

বরিশালের গৌরনদী উপজেলার অন্যতম প্রধান বাণিজ্য কেন্দ্র টরকী বন্দরে এক চাল ব্যবসায়ীর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি এবং পরবর্তীতে হামলার অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা। এই ঘটনার প্রতিবাদে সোমবার সকালে বন্দরের সহস্রাধিক ব্যবসায়ী তাদের প্রতিষ্ঠান বন্ধ রেখে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন। দীর্ঘ সময় অবরোধ চলায় মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে যাত্রীসাধারণ চরম ভোগান্তির শিকার হন। পরে প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠু বিচারের আশ্বাস পেয়ে দুপুর দেড়টার দিকে ব্যবসায়ীরা অবরোধ তুলে নেন।

ঘটনার বিবরণে জানা গেছে, বার্থী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত সিকদার হাবিবুর রহমানের ছেলে রেজাউল সিকদার রোববার রাতে স্থানীয় পাইকারি চাল ব্যবসায়ী কালা চান মন্ডলের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে সোমবার সকালে বড় ধরনের ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হয়। ভুক্তভোগী ব্যবসায়ী বিষয়টি তাৎক্ষণিকভাবে বণিক সমিতির নেতাদের জানালে তারা অভিযুক্ত রেজাউলকে সতর্ক করে দেন। এতে ক্ষিপ্ত হয়ে সোমবার বেলা ১১টার দিকে তিনি পুনরায় ওই দোকানে চড়াও হন এবং চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান।

ব্যবসায়ী কালা চান মন্ডল অভিযোগ করে বলেন, নির্ধারিত সময়ে চাঁদা পরিশোধ না করায় তার দোকানে হামলা ও তাকে অপমান করা হয়েছে, যার ফলে তিনি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। টরকী বণিক সমিতির সভাপতি শরীফ মো. শাহাবুব হাসান দাবি করেন, অভিযুক্ত ব্যক্তি একজন চিহ্নিত সন্ত্রাসী এবং তার চাঁদাবাজিতে বন্দরের ব্যবসায়ীরা অতিষ্ঠ। এই ঘটনার সুষ্ঠু বিচার ও অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতেই ব্যবসায়ীরা রাজপথে নামতে বাধ্য হয়েছেন। তবে অভিযুক্ত রেজাউল সিকদার তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করে একে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা বলে দাবি করেছেন।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যবসায়ীদের শান্ত করে এবং বিচারের প্রতিশ্রুতি দিলে অবরোধ প্রত্যাহার করা হয়। অভিযুক্ত রেজাউল সিকদারের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *