গৌরনদীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা আয়োজন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গৌরনদী-আগৈলঝাড়া (বরিশাল-১) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মোঃ রাসেল সরদার মেহেদীর উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল ৪টায় গৌরনদী বাস স্ট্যান্ড সংলগ্ন চরুইভাতী রেস্টুরেন্টে এ সভা আয়োজন করা হয়। উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি এতে অংশগ্রহণ করেন।

সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাখাওয়াত হোসাইন, গৌরনদী উপজেলা সভাপতি মুফতি মোস্তফা কামাল, সহ-সভাপতি ওবায়দুল হক নবী, সহ-সভাপতি মাওলানা আবু ইউসুফ, সাধারণ সম্পাদক মাওলানা এমদাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মাওলানা মিরাজ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ গৌরনদী উপজেলা সাধারণ সম্পাদক হাফেজ মিরাজুল ইসলাম এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের গৌরনদী উপজেলা সভাপতি মো. সাব্বির হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় নির্বাচনী পরিকল্পনা ও প্রতিশ্রুতি তুলে ধরেন মোঃ রাসেল সরদার মেহেদী। তিনি বলেন, নির্বাচিত হলে অঞ্চলটির সবচেয়ে বড় সমস্যা বেকারত্ব দূরীকরণের জন্য বাস্তবসম্মত ও কর্মসংস্থানমুখী উদ্যোগ গ্রহণ করা হবে। এছাড়া শিক্ষা খাতকে আধুনিকীকরণ, স্বাস্থ্যসেবা সহজলভ্য করা, রাস্তা-ঘাট ও ড্রেনেজ ব্যবস্থা উন্নত করা, কৃষি সহায়তা প্রদান, পরিষ্কার পানি সরবরাহ এবং পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে একটি উন্নত, নিরাপদ ও জনবান্ধব গৌরনদী-আগৈলঝাড়া গড়ে তোলা তার প্রধান অঙ্গীকার।

তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। আপনারা সহযোগিতা, সমালোচনা ও পরামর্শের মাধ্যমে আমাকে এই পথচলায় শক্তি যোগ করবেন।”

সভায় স্থানীয় গণমাধ্যম প্রতিনিধিরা বিভিন্ন নির্বাচনী ইস্যু ও এলাকার উন্নয়ন নিয়ে প্রশ্ন করেন এবং প্রার্থী তাৎক্ষণিকভাবে মতামত ও প্রতিশ্রুতি দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *