রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা নয়ানগর এলাকায় ছুরিকাঘাতে মো. ফারুক (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি পেশায় টাইলসমিস্ত্রি ছিলেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে নয়ানগর এলাকার আল ফালাহ মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
ঘটনার সময় ফারুককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। বন্ধু মো. সজীব জানান, নয়ানগর এলাকার কালু, শরিফ, আল আমিন, গালিবসহ ৮ থেকে ১০ জনের একটি দল ফারুকের বুক ও কোমরের ডান পাশে ছুরিকাঘাত করে তাকে রাস্তায় ফেলে পালিয়ে যায়। হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ফারুককে মৃত ঘোষণা করেন।
নিহত ফারুকের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার মায়রাপুর গ্রামে। বর্তমানে তিনি যাত্রাবাড়ীর নয়ানগর এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। তার বাবা মোহাম্মদ আলম যাত্রাবাড়ী এলাকায় নৈশপ্রহরীর কাজ করেন। ফারুক পাঁচ ভাইবোনের মধ্যে চতুর্থ।
ফারুকের বাবা জানান, তার ছেলে পেশায় টাইলসমিস্ত্রি হলেও ওই দিন কাজ করেননি এবং সারাদিন বাড়িতেই ছিলেন। বিকেলে আলম নামের এক বন্ধু তাকে বাইরে ডাকার পরই ছুরিকাঘাতের খবর পান। পরে হাসপাতালে এসে শুনতে পান, ফারুক মারা গেছেন। তিনি আরও বলেন, ‘ফারুকের বন্ধুরাই ওকে হত্যা করেছে।’
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাজু জানিয়েছেন, সন্ধ্যায় ১৫ থেকে ২০ জনের মধ্যে মারামারি ঘটেছিল। এ ঘটনায় ছুরিকাঘাতের কারণে একজন মারা গেছেন। তিনি বলেন, ‘কী কারণে মারামারি হয়েছে, সেটা এখনো জানা যায়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
