আন্তর্জাতিক মানবাধিকার দিবসে কলাপাড়ায় নারী কৃষকদের মানববন্ধন ও সংবাদ সম্মেলন

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় নারী কৃষকেরা কৃষিনীতি বাস্তবায়ন এবং কৃষিতে নারীর অধিকার নিশ্চিত করার দাবি নিয়ে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন।

বুধবার সকাল এগারোটায় নারী কৃষকদল চম্পাপুর ও ডালবুগঞ্জ ইউনিয়নের আয়োজনে, আভাস এবং একশনএইড বাংলাদেশের সহযোগিতায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে “নারী কৃষকের অধিকার ও মানবাধিকার” বিষয়ক লিখিত বক্তব্য পাঠ করেন নারী কৃষক চন্দ্রিকা রায় তমা এবং মাসুমা।

আলোচনা পরিচালনা করেন সাংবাদিক মেজবাহউদ্দিন মাননু এবং মিলন কর্মকার রাজু।

এ সময়ে উপস্থিত ছিলেন আভাস প্রকল্পের কর্মকর্তা রুবি আক্তার, প্রকল্প সমন্বয়কারী তরিকুল ইসলাম, স্পন্সর কর্মকর্তা শরীফ মোহাম্মদ কবির এবং আনোয়ার হোসেনসহ অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

মানববন্ধন ও সংবাদ সম্মেলনে নারী কৃষকেরা দাবি করেন, কৃষিকাজে নারীদের অবদানকে স্বীকৃতি দিতে হবে। পাশাপাশি গ্রামীণ এলাকার যোগাযোগ ব্যবস্থা এবং হাটবাজারের উন্নয়ন, সরকারের মাধ্যমে কৃষিপণ্যের ন্যায্যমূল্য নির্ধারণ, সরাসরি কৃষকদের কাছ থেকে পণ্য কেনা, নারী কৃষকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা, নারী কৃষকদের সরকারি কৃষক তালিকায় অন্তর্ভুক্ত করা এবং সরকারি সকল প্রণোদনা নারী কৃষকদের জন্য সহজলভ্য করা প্রয়োজন।

নারী কৃষকেরা বলেন, এসব দাবি বাস্তবায়ন করা হলে কৃষিক্ষেত্রে নারীর অবস্থান আরও শক্তিশালী হবে এবং দেশের কৃষি উন্নয়নে বড় ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *