গৌরনদীর রহমানিয়া মাদরাসায় শিক্ষার্থীদের দস্তারবন্দী ও ছবক প্রদান অনুষ্ঠান

বরিশালের গৌরনদী উপজেলার উত্তর বিজয়পুর রহমানিয়া হিফজুল কুরআন ক্যাডেট মাদরাসার উদ্যোগে শিক্ষার্থীদের দস্তারবন্দী ও পবিত্র কোরআনের ছবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বাদ জোহর মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হাফেজ মো. হাদিউজ্জামান তানভির। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগধা মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুফতী মইনুল ইসলাম। কোমলমতি শিক্ষার্থীদের দ্বীনি শিক্ষার পথে উৎসাহিত করতে এই বিশেষ আয়োজনটি করা হয়।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী বন্দর সাবরেজিস্ট্রি জামে মসজিদের ইমাম আলহাজ মাওলানা মো. আবদুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদরাসার প্রধান মুফতি মো. আরিফ হোসেন, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি আসাদুজ্জামান রিপন, সাংবাদিক বিএম বেলাল, উত্তর বিজয়পুর মোহাম্মাদিয়া জামে মসজিদের ইমাম হাফেজ মো. আমানত সাহ্, মো. নাসির হোসেন এবং রাজীব ইসলাম তারিমসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমন্ত্রিত অতিথিরা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও নৈতিক জীবন গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে রহমানিয়া হিফজুল কুরআন ক্যাডেট মাদরাসার ১২ জন ছাত্রকে আনুষ্ঠানিকভাবে কোরআনের ছবক প্রদান ও দস্তারবন্দী করা হয়। অতিথিরা শিক্ষার্থীদের মাথায় সম্মানসূচক পাগড়ি পরিয়ে দেন। সবশেষে শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলহাজ মাওলানা মো. আবদুল হাকিম। এই আয়োজনের মধ্য দিয়ে এলাকায় দ্বীনি শিক্ষার প্রসার ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *