রেলপথ ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা

সাম্প্রতিক সময়ে রেললাইন অবরোধ, ট্রেনের ইঞ্জিনে পাথর নিক্ষেপ এবং রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসাধনের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে রেলপথ মন্ত্রণালয়। সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মন্ত্রণালয় জানিয়েছে, যেকোনো রাজনৈতিক বা সামাজিক কর্মসূচির নামে রেলের ক্ষতি করার চেষ্টা করলে অপরাধীদের বিরুদ্ধে প্রচলিত আইনের আওতায় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, রেলপথ, ইঞ্জিন, কোচ এবং ওয়াগনসহ যাবতীয় সম্পদ রাষ্ট্রের তথা জনগণের মালিকানাধীন। এসব সম্পদের ক্ষতি করা আইনত দণ্ডনীয় অপরাধ এবং এটি রেলওয়ের ভাবমূর্তি ও আর্থিক অবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। যাত্রী সাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে এবং জাতীয় সম্পদের সুরক্ষা বজায় রাখতে সকল নাগরিকের সহযোগিতা কামনা করা হয়েছে।

রেলপথ মন্ত্রণালয় আরও জানিয়েছে যে, রাষ্ট্রীয় সম্পদ রক্ষণাবেক্ষণ ও সদ্ব্যবহার নিশ্চিত করা প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এবং সুষ্ঠুভাবে ট্রেন পরিচালনায় বিঘ্ন সৃষ্টিকারীদের শনাক্ত করে আইনগত প্রক্রিয়া দ্রুততর করার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *