মিয়ানমারের সামরিক জান্তা সমর্থিত ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি বা ইউএসডিপি বিতর্কিত সাধারণ নির্বাচনে বিশাল ব্যবধানে জয়ী হওয়ার দাবি করেছে। ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত এই নির্বাচনকে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় এবং দেশটির জান্তাবিরোধী গোষ্ঠীগুলো একটি সাজানো প্রহসন হিসেবে বর্ণনা করেছে।
দেশজুড়ে চলমান গৃহযুদ্ধ এবং সশস্ত্র সংঘাতের কারণে ৩৩০টি টাউনশিপের মধ্যে মাত্র এক-তৃতীয়াংশ এলাকায় ভোটগ্রহণ সম্ভব হয়েছে। অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি বা এনএলডিসহ প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো এই নির্বাচন বর্জন করেছে এবং তাদের অনেককেই আগেই বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল। ফলে জান্তা সমর্থিত দলটির জন্য কার্যত কোনো শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ছিল না।
নির্বাচন চলাকালীন অনেক জায়গায় ভোটার উপস্থিতি ছিল অত্যন্ত কম। জান্তা সরকার নির্বাচনের আগে আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি চালু করায় সংখ্যালঘু দলগুলোর সুযোগ কমে গেছে এবং সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ আরও পোক্ত হয়েছে। এছাড়া রাখাইন এবং কারেনি রাজ্যে ভোট চলাকালে সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলার খবর পাওয়া গেছে। বিশ্লেষকদের মতে, এই নির্বাচনের মাধ্যমে জান্তা প্রধান মিন অং হ্লাইং তার ক্ষমতাকে একটি বেসামরিক রূপ দেওয়ার চেষ্টা করছেন।
