পিরোজপুরে ভোরবেলায় আগুনে পুড়ল ৩ বসতঘর: ৩০ লাখ টাকার সম্পদ ভস্মীভূত

পিরোজপুর সদর উপজেলার শারিকতলা-ডুমরিতলা ইউনিয়নের পশ্চিম ডুমরিতলা গ্রামে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) ভোর সাড়ে ৬টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ভুক্তভোগী পরিবারগুলোর অন্তত ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডের বিবরণ ও ক্ষয়ক্ষতি স্থানীয় সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন—পলাশ কান্তি সাহা, শিব সাহা, দীপক সাহা, শ্যামলেন্দু সাহা এবং অশোক সাহা। অগ্নিকাণ্ডের সময় পলাশ কান্তি সাহার পরিবারের সদস্যরা বাড়িতে ছিলেন না এবং তিনি নিজেও শহরে অবস্থান করছিলেন। বাড়ির বৃদ্ধা সন্ধ্যা সাহা ভোরে পাশের ঘরে আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে আসেন। কিন্তু মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনে ঘরগুলোর আসবাবপত্র, খাদ্যশস্য এবং মূল্যবান দলিলপত্রসহ যাবতীয় মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে গেছে।

ফায়ার সার্ভিসের বক্তব্য খবর পেয়ে পিরোজপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। পিরোজপুর ফায়ার স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর যুগল বিশ্বাস জানান, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে কোনো যান্ত্রিক ত্রুটি বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যাবে।

ভুক্তভোগীদের আর্তনাদ শীতের ভোরে মাথা গোঁজার ঠাঁই হারিয়ে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন ভুক্তভোগী পরিবারগুলো। সর্বস্ব হারিয়ে তারা এখন দিশেহারা। স্থানীয়রা জানান, এর আগেও বছর দুয়েক আগে পাশের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো প্রশাসনের কাছে দ্রুত মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *