সড়ক হোক শান্তি যাত্রা”—এই অঙ্গীকার নিয়ে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা থেকে পটুয়াখালী পর্যন্ত অংশটি দ্রুত চার লেনে রূপান্তরের দাবিতে বরিশালের গৌরনদীতে বিশাল মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসূচি পালন করেন স্থানীয় সচেতন নাগরিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে মহাসড়কটির ঝুঁকিপূর্ণ অবস্থা তুলে ধরে দ্রুত সংস্কার ও সম্প্রসারণের দাবি জানানো হয়।
মো. মিজানুর রহমান মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠিত সংহতি সমাবেশে বক্তারা বলেন, দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত এই মহাসড়কটি বর্তমানে যানবাহনের চাপে ও সরু রাস্তার কারণে মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। সড়ক দুর্ঘটনা রোধ এবং যাত্রী সাধারণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ভাঙ্গা থেকে পটুয়াখালী পর্যন্ত চার লেনের কোনো বিকল্প নেই। সমাবেশে বক্তব্য রাখেন গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব মো. জহির সাজ্জাদ হান্নান এবং পৌর বিএনপির সদস্য সচিব মো. ফরিদ হোসেন মিয়া।
কর্মসূচিতে আরও সংহতি প্রকাশ করেন যুবদল নেতা মো. কাইফি ও মো. শহিদুল ইসলামসহ রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মো. বি এম বেলাল। বক্তারা অভিযোগ করেন যে, দীর্ঘদিনের জনদাবি হওয়া সত্ত্বেও এই মহাসড়কটি চার লেনে উন্নীত করার কাজে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, অনতিবিলম্বে সরকারের পক্ষ থেকে চার লেনের কাজ শুরু করার সুনির্দিষ্ট ঘোষণা না এলে পরবর্তীতে দক্ষিণাঞ্চলের মানুষকে সাথে নিয়ে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
