বরিশালের গৌরনদী উপজেলায় যুবলীগের সহ-সম্পাদক ও চাঁদশী ইউনিয়ন পরিষদের সদস্য সৈয়দ মেহেদী সুলভকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইন, মারামারি ও চুরি সংক্রান্ত মোট সাতটি মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী থানা পুলিশের একটি দল সোমবার রাতে উপজেলার নাঠৈ গ্রামে অভিযান চালিয়ে একাধিক মামলার পলাতক আসামি সৈয়দ মেহেদী সুলভকে আটক করে।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তরিকুল ইসলাম জানান, সুলভ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন। তার বিরুদ্ধে বিস্ফোরক, মারামারি এবং দু’টি চুরি মামলাসহ মোট সাতটি মামলা আছে। এছাড়া স্থানীয়ভাবে প্রভাবশালী হিসেবে পরিচিত এই ইউপি সদস্যের বিরুদ্ধে আরও কিছু পূর্বের অভিযোগও তদন্তাধীন রয়েছে।
গ্রেফতারের পর মঙ্গলবার (২৮ অক্টোবর, ২০২৫) দুপুরে তাকে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে সোপর্দ করা হয়। আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, সম্প্রতি (২৪ অক্টোবর, ২০২৫) ‘চোর’ অপবাদকে কেন্দ্র করে সুলভ মেম্বারের নেতৃত্বে বিএনপি কর্মীসহ এক পরিবারের তিন সদস্যকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ ওঠে। ওই ঘটনায় মামলা চলছিল এবং ঘটনার পর থেকে সুলভ আত্মগোপনে ছিলেন।
