বরিশালের গৌরনদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যথাযোগ্য মর্যাদা ও গুরুত্বের সঙ্গে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করেছে। এ উপলক্ষে শুক্রবার বিকেলে সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে একটি জনসভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক উপদেষ্টা ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এম জহির উদ্দিন স্বপন। তিনি বক্তৃতায় বলেন, “আগামী জাতীয় নির্বাচন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ। দেশের মানুষ পরিবর্তন চায়, ন্যায়বিচার চায়, নিরাপদ জীবন ও ভোটের অধিকার ফিরে পেতে চায়। জনগণের আস্থা অটুট থাকলে আমরা একসাথে গণতন্ত্র ফিরিয়ে আনতে পারব। আমরা মাঠে আছি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ চালিয়ে যাব।”
সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি যুগ্ম-মহাসচিব (আন্তর্জাতিক) হুমায়ুন কবির। তিনি বলেন, “দেশের ভবিষ্যৎ নির্ভর করছে অংশগ্রহণমূলক, সৎ ও গ্রহণযোগ্য নির্বাচনের ওপর। জনগণের জন্য কাজ করতে হলে প্রথমে ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে। বিএনপি সেই লড়াই করছে। আগামী নির্বাচন শুধু একটি নির্বাচন নয়, এটি দেশের গণতন্ত্র, অধিকার ও স্বাধীনতার ভবিষ্যৎ নির্ধারণ করবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা (উত্তর) বিএনপির আহ্বায়ক দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ, সদস্য সচিব মিজানুর রহমান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, পৌর আহ্বায়ক (ভারপ্রাপ্ত) শরীফ শফিকুর রহমান স্বপন, আগৈলঝাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) হাফিজুর রহমান সিকদার, সদস্য সচিব বশির আহমেদ পান্না, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুল আলম খান সেন্টু প্রমুখ।
বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বহুদলীয় গণতন্ত্রের রূপকার হিসেবে স্মরণ করেন এবং তার আদর্শ ও আত্মত্যাগকে দেশের গণতন্ত্র ও জাতীয়তাবাদের শক্তিশালী ভিত্তি হিসেবে অভিহিত করেন। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নেতৃবৃন্দ জিয়াউর রহমানের নীতিকে অনুসরণ করে সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে জাতীয়, জেলা ও স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা, পৌর শাখা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনগুলো যৌথভাবে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করে।
