বরিশালে ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

বরিশালের বাবুগঞ্জ–মীরগঞ্জ এলাকায় স্থানীয় জনগণকে চাঁদাবাজ বলে আখ্যায়িত করার প্রতিবাদে আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বিরুদ্ধে ঝাড়ু হাতে প্রতিবাদ মিছিল করেছে বিক্ষুব্ধ জনতা। বুধবার বিকেলে বাবুগঞ্জ–মীরগঞ্জের সর্বস্তরের জনগণের ব্যানারে নারী–পুরুষের অংশগ্রহণে এ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি বাবুগঞ্জের লোহালিয়া গ্রাম থেকে শুরু হয়ে মীরগঞ্জ ফেরিঘাটে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। প্রতিবাদকারীরা বলেন, ব্যারিস্টার ফুয়াদ গণমাধ্যমে বক্তব্য দিয়ে বাবুগঞ্জের জনগণকে চাঁদাবাজ বলে অভিহিত করেছেন। এ মন্তব্যের কারণ জানতে চাইলেও তাদের কাছে কোনো ব্যাখ্যা নেই। তাই তাঁরা এ বক্তব্যের প্রতিবাদ এবং ফুয়াদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

জানা যায়, মুলাদী–বাবুগঞ্জ উপজেলা নিয়ে গঠিত বরিশাল–৩ আসনে আমার বাংলাদেশ পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন ফুয়াদ। তিনি নিজেও বাবুগঞ্জের বাসিন্দা।

গত আট ডিসেম্বর মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনের পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ফুয়াদ অভিযোগ করেন, সেতু নির্মাণ কাজের ঠিকাদারি নিতে চায়না প্রতিষ্ঠানের কাছে স্থানীয় কিছু ব্যক্তি চাঁদা দাবি করেছে। এ অভিযোগে উপস্থিত স্থানীয়রা প্রতিবাদ করলে উত্তেজনা তৈরি হয় এবং ফুয়াদ ঘটনাস্থল ত্যাগ করেন।

পরবর্তীতে বাবুগঞ্জের মানুষকে চাঁদাবাজ বলে উল্লেখ করায় উপজেলা ছাত্রদল তাকে অবাঞ্ছিত ঘোষণা করে। একদিন পর বরিশাল প্রেস ক্লাব ও রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে ফুয়াদ ঘটনাটি তুলে ধরেন এবং তার বক্তব্যের ব্যাখ্যা দেন।

এই ঘটনার পর বাবুগঞ্জ ও মীরগঞ্জে সামাজিক উত্তেজনা আরও বেড়ে যায়। স্থানীয় জনগণ দাবি করেন, নিজেদের সম্মান ও মর্যাদা রক্ষায় তারা এসব প্রতিবাদ করেছে এবং ভবিষ্যতেও প্রয়োজন মনে করলে আন্দোলন চালিয়ে যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *