বরিশালের গৌরনদী পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচন উপলক্ষে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন মোবাইল ফোন প্রতীকের প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ এম জয়নাল আবেদীন। শনিবার দিনভর তিনি পৌরসভার বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক সম্পন্ন করেছেন।
এদিন সকালে তিনি বড় কসবা এলাকাসহ বিভিন্ন পাড়া-মহল্লায় গিয়ে ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং মোবাইল ফোন মার্কায় ভোট প্রার্থনা করেন। গণসংযোগকালে তার সাথে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মো. হারিছুর রহমান এবং উপজেলা যুবলীগের সভাপতি মো. আনিছুর রহমানসহ দলীয় অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
পথসভায় জয়নাল আবেদীন বলেন, নির্বাচিত হলে তিনি গৌরনদী পৌরসভার অসমাপ্ত উন্নয়ন কাজগুলো সম্পন্ন করবেন এবং নাগরিক সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেবেন। গণসংযোগকালে স্থানীয় ভোটারদের মাঝেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে প্রার্থীর পক্ষে দলীয় নেতাকর্মীদের এই সমন্বিত প্রচারণা ভোটারদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলছে।
