গৌরনদীতে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বরিশালের গৌরনদীতে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা পরিষদের উদ্যোগে এই প্রতিযোগিতার সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবু আবদুল্লাহ খান। উপজেলা যুব উন্নয়ন অফিসার বিভাস কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা যুবসমাজের শারীরিক ও মানসিক বিকাশে নিয়মিত ক্রীড়া চর্চার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রাজীব হোসেন খান, গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া এবং উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম। এছাড়াও জ্যেষ্ঠ সাংবাদিক ও পৌর নাগরিক কমিটির সভাপতি জহুরুল ইসলাম জহিরসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ আকাশে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। এই ফুটবল প্রতিযোগিতাকে ঘিরে স্থানীয় ক্রীড়ামোদী ও যুবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *