খালেদা জিয়ার সুস্থতা কামনায় মোহনকাঠিতে বিএনপি’র দোয়া ও ইফতার মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বরিশালের মোহনকাঠি কলেজ মাঠে এক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রত্নপুর ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর যৌথ উদ্যোগে গত রবিবার বিকেলে মোহনকাঠী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। রত্নপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ কবির হোসেন তালুকদারের সভাপতিত্বে এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য আবুল হোসেন লাল্টু, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, জেলা সদস্য এস এম মনিরুজ্জামান মনির, মঞ্জুর হোসেন মিলন এবং তাইফুর রহমান কচি। এছাড়া বরিশাল উত্তর জেলা যুবদলের সদস্য সচিব মোঃ গোলাম মোর্শেদ মাসুদ ও সাবেক সভাপতি মোঃ মোল্লা মাহফুজসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় তৃণমূলের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিএনপি নেতা রোমান তালুকদার এবং যুবদল নেতা হেমায়েত হোসেন, রিপন হোসেন ও আবুল বাশার মৃধা। বক্তারা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে আকন কুদ্দুসুর রহমান গৌরনদী ও আগৈলঝাড়া বিএনপির নেতাকর্মীদের প্রতি কঠোর হুশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, যারা বছরের পর বছর হামলা ও মামলার শিকার হয়ে ত্যাগ স্বীকার করেছেন, তারা যেন ব্যক্তিগত স্বার্থে দলের ভাবমূর্তি নষ্ট না করেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইতোমধ্যেই অনেক শীর্ষ নেতা পদ হারিয়েছেন উল্লেখ করে তিনি আরও বলেন, যারা এখনো জনগণের ওপর জুলুম, চাঁদাবাজি কিংবা দখলবাজিতে লিপ্ত রয়েছেন, তারা দ্রুত সতর্ক না হলে দল তাদের বিরুদ্ধেও কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেবে। তিনি নেতাকর্মীদের ত্যাগের মর্যাদা রক্ষা করার আহ্বান জানান।

ইফতারের ঠিক আগে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুবদল নেতা মোঃ সোহাগ ভূইয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *