গৌরনদীতে বাসের ধাক্কায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কে দ্রুতগামী বাসের ধাক্কায় মজিবর মোল্লা (৭০) নামের এক ব্যাটারিচালিত ভ্যানযাত্রী নিহত হয়েছেন। নিহত মজিবর গৌরনদী উপজেলার কটকস্থল গ্রামের বাসিন্দা এবং একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য। এই ঘটনায় ভ্যানের আরও তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সূত্রে জানা গেছে, রোববার দুপুর ১২টার দিকে বরিশাল থেকে ঢাকাগামী ‘লাবিবা পরিবহন’-এর একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের সাউদের খাল এলাকায় একটি যাত্রীবাহী ভ্যানকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং এর চার যাত্রী গুরুতর আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মজিবর মোল্লাকে মৃত ঘোষণা করেন। আহত অন্য তিনজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, দুর্ঘটনার পরপরই চালক বাসটি ফেলে রেখে পালিয়ে যায়। পুলিশ ঘাতক বাস ও ক্ষতিগ্রস্ত ভ্যানটি জব্দ করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং এই ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *