যৌন হয়রানী প্রতিরোধে গৌরনদীতে দিনব্যাপি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

বরিশালের গৌরনদীতে ব্র্যাকের শিখা প্রকল্পের উদ্যোগে মাধ্যমিক বিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধ, শিশু সুরক্ষা এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী এক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।

গৌরনদী উপজেলা একাডেমিক সুপারভাইজার গৌরাঙ্গ প্রসাদ গাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরী। কর্মশালায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সাংবাদিকসহ প্রশাসনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সভায় বক্তব্য রাখেন গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইউনুস মিয়া, গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাধন কুমার বল, যুব উন্নয়ন কর্মকর্তা বিভাস কুমার এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পালরদী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ তপন কুমার রায়, ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক হাসান এবং বার্থী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিএম ইদ্রিস আহাম্মেদ তাদের মতামত তুলে ধরেন।

ব্র্যাকের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সমন্বয়ক বিভাষ চন্দ্র তরফদার, টেকনিক্যাল ম্যানেজার মোঃ তৌহিদুর রহমান এবং প্রকল্প কর্মকর্তা অনিক বিশ্বাস ও কিশোর মিস্ত্রী।

বক্তারা জানান, শিখা প্রকল্পটি স্থানীয় সরকার, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে নিয়ে কাজ করছে। মূলত মাধ্যমিক স্কুল, মাদ্রাসা, গণপরিবহন, তৈরি পোশাক কারখানা এবং ডিজিটাল প্ল্যাটফর্মে যৌন হয়রানি ও লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে গণসচেতনতা তৈরিই এই প্রকল্পের মূল লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *