গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক হিসেবে খোন্দকার মনিরের দায়িত্ব গ্রহন

বরিশালের ঐতিহ্যবাহী গৌরনদী প্রেসক্লাবের ঐক্যবদ্ধ পথচলায় নতুন আহবায়ক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক এবং দৈনিক সমকালের প্রতিনিধি খোন্দকার মনিরুজ্জামান মনির। গত রোববার সকালে বিদায়ী আহবায়ক মোঃ গিয়াস উদ্দিন মিয়ার কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব বুঝে নেন।

এই উপলক্ষ্যে রোববার সকাল ১০টায় প্রেসক্লাব কার্যালয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বিদায়ী আহবায়ক মোঃ গিয়াস উদ্দিন মিয়া নতুন আহবায়ক খোন্দকার মনিরুজ্জামান মনিরের হাতে দায়িত্ব হস্তান্তর করেন।

উল্লেখ্য, দীর্ঘ বছর ধরে গৌরনদী প্রেসক্লাবের সাংবাদিকরা আদর্শিক ও পদ্ধতিগত কারণে বিভক্ত ছিলেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাংবাদিকদের এই অনৈক্যকে কাজে লাগানো হয়েছিল। তৎকালীন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হারিছুর রহমানের প্রভাবে মূল প্রেসক্লাব ভেঙে উপজেলা প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটিসহ মোট পাঁচটি পৃথক সংগঠন তৈরি করা হয়েছিল, যা সাংবাদিকতার মর্যাদাকে ক্ষুণ্ণ করে।

তবে গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর পরিস্থিতির বদল ঘটে। গত ফেব্রুয়ারি মাসে গৌরনদীর অন্যান্য সকল সাংবাদিক সংগঠন বিলুপ্ত ঘোষণা করে সবাই আবার মূল ধারার ঐতিহ্যবাহী গৌরনদী প্রেসক্লাবে ঐক্যবদ্ধ হন। সেই সময় ক্লাবের তিনজন জ্যেষ্ঠ সাংবাদিক—মোঃ গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান মনির ও জহুরুল ইসলাম জহিরকে নিয়ে একটি আহবায়ক প্যানেল গঠন করা হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, এই প্যানেলের প্রত্যেকে তিন মাস করে পর্যায়ক্রমে আহবায়কের দায়িত্ব পালন করবেন। তাদের মূল লক্ষ্য হলো প্রেসক্লাবের গঠনতন্ত্রকে আধুনিক ও সময়োপযোগী করা এবং একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে ক্লাবের কার্যক্রমে গতিশীলতা ফিরিয়ে আনা। এরই ধারাবাহিকতায় প্রথম তিন মাসের মেয়াদ শেষ করে মোঃ গিয়াস উদ্দিন মিয়া পরবর্তী মেয়াদের জন্য খোন্দকার মনিরুজ্জামান মনিরের কাছে দায়িত্ব হস্তান্তর করলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *