বিধিবহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগের অনুসন্ধান চলমান থাকায় চাঁদপুর-২ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী জালাল উদ্দিন, তাঁর স্ত্রী ও তিন সন্তানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের অবকাশকালীন বিচারক মো. আব্দুল্লাহ আল মামুন সোমবার এই আদেশ দেন।
নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তিরা হলেন তাঁর স্ত্রী শাহানাজ শারমিন, ছেলে সাইদ মোহাম্মদ রিজভী, সাইদ মোহাম্মদ আলভী, এবং মেয়ে আয়েশা তাসমিয়া তানভী। দুদকের পক্ষে সহকারী পরিচালক এস এম মামুনুর রশীদ নিষেধাজ্ঞার আবেদন করেন। এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ।
আবেদনে বলা হয়েছে, জালাল উদ্দিনের বিরুদ্ধে বিধিবহির্ভূত অর্থ উপার্জনের অভিযোগ রয়েছে। তিনি এসব অর্থ তাঁর নিজ ও স্বার্থ সংশ্লিষ্টদের নামে ব্যাংক হিসাব খোলার মাধ্যমে বৈধ করার চেষ্টা করেছেন এবং বিদেশে পাঠিয়ে মানি লন্ডারিং করেছেন। অভিযোগগুলো বর্তমানে অনুসন্ধানাধীন।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, মো. জালাল উদ্দিন সপরিবার যেকোনো সময় দেশ থেকে পালিয়ে বিদেশে অবস্থান নেবেন। তাই অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাঁদের বিদেশ যাত্রা রোধ করা অপরিহার্য বলে আদালত মনে করেছেন।
