হাদি হত্যার প্রতিবাদে ঝালকাঠিতে মহাসড়ক অবরোধ, ৭২ ঘণ্টার আল্টিমেটাম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রকৃত খুনিদের পরিচয় প্রকাশ এবং আসামিদের বর্তমান অবস্থান ও গ্রেপ্তারের তথ্য জনসমক্ষে আনার দাবিতে ঝালকাঠিতে দীর্ঘ সাড়ে তিন ঘণ্টা সড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা। রবিবার দুপুর দুইটা থেকে ঝালকাঠি শহরের কলেজ মোড় এলাকায় খুলনা-ঝালকাঠি মহাসড়ক ব্লকেড করে এই অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি শুরু করা হয়। কর্মসূচিতে হাদির নিজ জেলা ঝালকাঠির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি, গণঅধিকার পরিষদের নেতাকর্মীসহ স্থানীয় সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

আন্দোলনকারীদের অভিযোগ, হাদি হত্যাকাণ্ডের বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত পরিষ্কার কোনো তথ্য দেওয়া হচ্ছে না। তারা দ্রুততম সময়ের মধ্যে খুনিদের নাম-পরিচয় প্রকাশ করে তাদের ফাঁসির দাবি জানান। পরে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঝালকাঠির পুলিশ সুপার মো. মিজানুর রহমান ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। প্রশাসনের পক্ষ থেকে ছাত্র-জনতার দাবিগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরে দ্রুত জানানোর আশ্বাস দেওয়া হলে বিকেল ৫টা ২৭ মিনিটে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন। তবে দাবি আদায়ের লক্ষ্যে তারা প্রশাসনকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *