২০২৬ সালে বলিউডের বক্স অফিসে এক মহাযুদ্ধের প্রস্তুতি চলছে। একদিকে রণবীর সিংয়ের ব্লকবাস্টার স্পাই থ্রিলার ‘ধুরন্ধর ২’, অন্যদিকে রণবীর কাপুরের বহুল প্রতীক্ষিত পৌরাণিক মহাকাব্য ‘রামায়ণ ১’। এই দুই তারকার লড়াইকে ভারতের চলচ্চিত্র বিশ্লেষকরা এখন থেকেই বলিউডের ‘গেম অফ থ্রোনস’ হিসেবে অভিহিত করছেন।
২০২৫ সালের শেষে মুক্তি পাওয়া আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ ইতিমধ্যে বক্স অফিসে তান্ডব সৃষ্টি করেছে। মুক্তির মাত্র ২৮ দিনে এটি ১,১০০ কোটি টাকারও বেশি আয় করে হিন্দি সিনেমার ইতিহাসের সব রেকর্ড ভেঙে দিয়েছে। ছবির শেষে দেওয়া একটি ইঙ্গিত অনুযায়ী, ২০২৬ সালের ১৯ মার্চ ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে ‘ধুরন্ধর ২’। এই কিস্তিতে রণবীর সিংয়ের চরিত্র ‘হামজা’র পূর্ণ বিকাশ এবং অর্জুন রামপালের সাথে তার চূড়ান্ত সংঘাত দেখা যাবে। প্রথম কিস্তির অভাবনীয় সাফল্যের পর দ্বিতীয় কিস্তি নিয়ে দর্শকের প্রত্যাশা এখন আকাশচুম্বী।
অন্যদিকে, নীতেশ তিওয়ারির পরিচালনায় তৈরি হচ্ছে ভারতের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা ‘রামায়ণ’। প্রায় ৪,০০০ কোটি রুপি বাজেটের এই বিশাল প্রজেক্টে রণবীর কাপুর অভিনয় করছেন ভগবান রামের চরিত্রে। তার বিপরীতে সীতা হিসেবে আছেন সাই পল্লবী এবং রাবণ চরিত্রে দেখা যাবে কন্নড় সুপারস্টার যশকে। ২০২৬ সালের দিওয়ালি উপলক্ষে মুক্তি পেতে যাওয়া এই সিনেমাটি কেবল বলিউড নয়, বিশ্ব চলচ্চিত্রের মানচিত্রে ভারতকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
রণবীর সিং যেখানে অ্যাকশন এবং আধুনিক গোয়েন্দাগিরির গল্প দিয়ে দর্শকদের মাত করছেন, রণবীর কাপুর সেখানে আধ্যাত্মিকতা এবং ভিজ্যুয়াল ইফেক্টসের জাদুতে মন জয়ের প্রস্তুতি নিচ্ছেন। মজার ব্যাপার হলো, রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’ ছবির রেকর্ড ইতিমধ্যে ‘ধুরন্ধর’ ভেঙে দিয়েছে। ফলে ২০২৬ সালে এই দুই সুপারস্টারের দ্বৈরথ বক্স অফিসে কোন দিকে মোড় নেয়, তা দেখতে মুখিয়ে আছে পুরো ভারত। ২০২৬ সালটি বলিউডের ইতিহাসে রণবীর বনাম রণবীর লড়াইয়ের বছর হিসেবেই স্মরণীয় হয়ে থাকবে।
