মরহুমা ওমেদা বেগমের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরিশালের গৌরনদীতে গভীর শ্রদ্ধা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনভর বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। মাই টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং বর্তমান চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীর রত্নগর্ভা মা ওমেদা বেগমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় রবিবার দিনব্যাপী কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
গৌরনদী প্রেসক্লাব ও উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং মাই টিভির প্রতিনিধি মো. গিয়াস উদ্দিন মিয়ার উদ্যোগে উপজেলার তাঁরাকুপি-কটকস্থল নুরাণী মাদ্রাসা ও এতিমখানায় এই স্মরণসভার আয়োজন করা হয়। সকাল থেকেই মাদ্রাসার শিক্ষার্থীরা পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে কর্মসূচি শুরু করেন। দিনভর কোরআন খতম শেষে আয়োজিত বিশেষ দোয়া অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন তাঁরাকুপি-কটকস্থল কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আব্দুর হামিম। মোনাজাতে মরহুমা ওমেদা বেগমের রুহের মাগফিরাত কামনাসহ মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী ও তার পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু প্রার্থনা করা হয়। মরহুমার কর্মময় জীবন ও তার অবদানের কথা স্মরণ করে উপস্থিত বক্তারা তার প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।
স্মরণসভা ও দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তাঁরাকুপি-কটকস্থল নুরাণী মাদ্রাসা ও এতিমখানা পরিচালনা কমিটির সভাপতি মো. জুয়েল মিয়া, শিক্ষক হাফেজ মাওলানা কামাল হোসেন, মিরাজুল ইসলাম পিয়াল এবং হৃদয় মাঝিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, ওমেদা বেগমের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গৌরনদীর পাশাপাশি দেশের বিভিন্ন স্থানেও তার স্মরণে নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
