ফিলিস্তিনের নিরস্ত্র ও ঘুমন্ত সাধারণ মানুষের ওপর মার্কিন-ইসরায়েলি সাম্রাজ্যবাদী শক্তির বর্বরোচিত হামলা ও নৃশংস গণহত্যার প্রতিবাদে বরিশালের গৌরনদীতে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে উপজেলার সর্বস্তরের মুসল্লিরা এই কর্মসূচিতে অংশ নেন। সরকারি গৌরনদী কলেজ মসজিদ সংলগ্ন কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা-বরিশাল মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ প্রদক্ষিণ করে গৌরনদী বাসস্ট্যান্ডের জিরো পয়েন্টে এসে এক প্রতিবাদ সভায় মিলিত হয়।
মাওলানা মোঃ ফকরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বক্তারা ফিলিস্তিনে নারী ও শিশুদের ওপর চলমান পৈশাচিক হামলার তীব্র নিন্দা জানান। তারা বলেন, যুদ্ধবিরতি লঙ্ঘন করে যেভাবে নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে, তা বিশ্ববিবেকের কাছে এক কলঙ্কজনক অধ্যায়। ফিলিস্তিনের মুসলমানদের ওপর প্রতিটি আঘাত বিশ্বের প্রতিটি মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ ঘটায়। বক্তারা আরও জোর দিয়ে বলেন, ফিলিস্তিনের স্বাধীনতা অর্জন এবং নিপীড়িতদের অধিকার রক্ষায় বর্তমান প্রেক্ষাপটে বিশ্ব মুসলিম উম্মাহর ইস্পাতকঠিন ঐক্য অপরিহার্য।
প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি ও প্রবীণ সাংবাদিক জহুরুল ইসলাম জহির, মাওলানা আব্দুল হাকিম, মাওলানা জহুরুল ইসলাম এবং বরিশাল জেলা যুবদলের সদস্য সচিব গোলাম মোর্শেদ মাসুদ। এছাড়া মাওলানা মোফাজ্জল হোসেন ও মুফতি ফয়জুল্লাহসহ বিশিষ্ট আলেমরাও সেখানে উপস্থিত ছিলেন। আয়োজিত এই কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইউনুস মিয়া। সমাবেশের শেষে ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের মুক্তি এবং বিশ্বের শান্তি কামনায় এক বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
