তারেক রহমানকে স্বাগত জানাতে ঢাকা আসার পথে নড়াইল কৃষক দল নেতার মৃত্যু

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে নড়াইল থেকে ঢাকা আসার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে এক কৃষক দল নেতার মৃত্যু হয়েছে। নিহত নেতার নাম মুন্সি খায়রুজ্জামান আলম (৫৫)। তিনি নড়াইল জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পারিবারিক ও দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোরে নড়াইল জেলা বিএনপির বিশাল এক গাড়িবহরের সঙ্গে তারেক রহমানের গণসংবর্ধনায় অংশ নিতে ঢাকার উদ্দেশ্যে রওনা হন খায়রুজ্জামান আলম। পথে ফরিদপুরের ভাঙ্গা এলাকায় পৌঁছালে তিনি হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন এবং অসুস্থ হয়ে পড়েন। গাড়িতে থাকা সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করলে পথেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মুন্সি খায়রুজ্জামান আলম দলের একজন নিবেদিতপ্রাণ নেতা ছিলেন। দীর্ঘ ১৭ বছর পর প্রিয় নেতা তারেক রহমানের দেশে ফেরার এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে তিনি অত্যন্ত উৎসাহ নিয়ে ঢাকা আসছিলেন। তার এই আকস্মিক মৃত্যুতে নড়াইল জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

তারেক রহমান এই নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। মুন্সি খায়রুজ্জামান আলমের মরদেহ নড়াইলের লোহাগড়া উপজেলার নিজ গ্রামে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *