বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের চরদিয়াসুর গ্রামের এক কিশোরীকে অপহরণ করে এক মাস আটকে রেখে ধর্ষণের অভিযোগে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শনিবার নির্যাতিতার বাবা বাদী হয়ে গৌরনদী মডেল থানায় মামলাটি দায়ের করেন। পুলিশ এদিন সকালেই ওই কিশোরীকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি (ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার) ওয়ার্ডে ভর্তি করেছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার টিকাসার গ্রামের সাব্বির হাওলাদার নামের এক যুবক ছয় মাস আগে ওই কিশোরীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এরপর গত ১১ মে রাতে বিয়ের প্রলোভন দেখিয়ে সহযোগীদের সহায়তায় কিশোরীকে অপহরণ করে নিয়ে যায় সে। এরপর আগৈলঝাড়া উপজেলার রান্তা গ্রামে এক আত্মীয়র বাড়িতে আটকে রেখে তাকে এক মাস ধরে একাধিকবার ধর্ষণ করা হয়। গত ১০ জুন রাতে গুরুতর অসুস্থ অবস্থায় কিশোরীকে তার বাড়ির সামনের রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদানের পর কিশোরীর দেওয়া জবানবন্দি অনুযায়ী আইনি ব্যবস্থা গ্রহণ করেন।
মামলায় প্রধান অভিযুক্ত সাব্বির হাওলাদার ছাড়াও তার তিন সহযোগীকে আসামি করা হয়েছে। এরা হলেন—উজিরপুর উপজেলার উত্তর মোড়াকাঠি গ্রামের হৃদয় হাওলাদার, লিমন হাওলাদার এবং দুলুফা বেগম। অপহরণ ও নির্যাতনে সহায়তার অভিযোগে তাদের আসামি করা হয়েছে।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া জানান, ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
