ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে ‘সভ্যতা’ আনার যে দাবি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস করেছিলেন, সাম্প্রতিক সময়ে গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার ঘটনায় সেই বক্তব্য নিয়ে তীব্র প্রশ্ন তুলেছেন অধ্যাপক আনু মুহাম্মদ।
বুধবার রাজধানীর শাহবাগে গণতান্ত্রিক অধিকার কমিটির উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এই প্রশ্ন তোলেন। প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট ও উদীচী শিল্পীগোষ্ঠীর কার্যালয়ে হামলা এবং সাম্প্রতিক হত্যাকাণ্ডের প্রতিবাদে বিভিন্ন বাম সংগঠন এই সমাবেশের আয়োজন করে।
সমাবেশে অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ‘মাসের পর মাস ধরে আমরা যে নৃশংসতা দেখছি, বিশেষ করে ১৮ ও ১৯ ডিসেম্বর যা ঘটল, এটাই কি মুহাম্মদ ইউনূসের সভ্যতার নমুনা? এই প্রশ্নটা আজ আমাদের সবাইকে করতে হবে।’
উল্লেখ্য, গত ১৭ অক্টোবর ‘জুলাই সনদ’ স্বাক্ষর অনুষ্ঠানে অধ্যাপক ইউনূস বলেছিলেন, ‘আমরা এক বর্বর জগতে ছিলাম… এখন আমরা সভ্যতায় আসলাম।’ সেই সময়েই আনু মুহাম্মদ সভ্যতার সংজ্ঞা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সাম্প্রতিক সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে তিনি পুনরায় বিষয়টি সামনে এনে বলেন, এই হামলাগুলো কোনো বিচ্ছিন্ন উচ্ছৃঙ্খল আচরণ নয়, বরং একটি সুনির্দিষ্ট মতাদর্শিক অবস্থান থেকে পরিচালিত পরিকল্পিত সন্ত্রাস।
গত বৃহস্পতিবার রাতে কারওয়ান বাজারে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একই কায়দায় ধানমন্ডিতে ছায়ানট ভবনে এবং পরদিন তোপখানা রোডে উদীচী শিল্পীগোষ্ঠীর কার্যালয়ে হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। এই ধারাবাহিক আক্রমণগুলোকেই অধ্যাপক আনু মুহাম্মদ বর্তমান সরকারের ‘সভ্যতা’র দাবির বিপরীতে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন।
