‘কণ্ঠে ধরো বিজয়ের গান, হাতে নাও মুক্তির পতাকা’ স্লোগানে মহান বিজয় দিবস উদ্যাপন করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন (একাংশ) ও বাংলাদেশ যুব ইউনিয়ন। মঙ্গলবার বিকেলে তিনটি সংগঠনের মিলিত আয়োজনে রাজধানীতে একটি পতাকা মিছিল অনুষ্ঠিত হয়।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন গেট থেকে শুরু হওয়া মিছিলটি শাহবাগ ও টিএসসি হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছায়। মিছিলে বেজে ওঠে দ্বিজেন্দ্রলাল রায়ের ‘ধনধান্য পুষ্প ভরা’ গানসহ ‘মুক্তির মন্দির সোপানতলে’, ‘মা গো ভাবনা কেন’, ‘গেরিলা আমরা, আমরা গেরিলা’ প্রভৃতি দেশাত্মবোধক ও গণসংগীত। এতে কয়েকশ মানুষ অংশ নেন।
মিছিল শেষে শহীদ মিনারের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ সেলিম বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও জাতিকে মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে। একটি পক্ষ এই ষড়যন্ত্রে লিপ্ত এবং দেশের তেল, গ্যাস, বন্দর ও কলকারখানা লুট করার পরিকল্পনায় মেতে আছে। তবে তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের মানুষ এই ষড়যন্ত্র রুখে দেবে।
বাংলাদেশ যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, বিজয়ের ৫৪ বছর পরও আমাদের মধ্যে ভয় কাজ করছে। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার চেষ্টা চলছে, যা দেশের মানুষ প্রতিহত করবে।
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি মাহির শারিয়ার রেজা বলেন, যারা একসময় মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, আজ তাদের আস্ফালন আমরা দেখতে পাচ্ছি। শহীদের সংখ্যা ও বুদ্ধিজীবী হত্যার বিষয়ে প্রশ্ন তোলার মাধ্যমে প্রকৃত বিজয় উদ্যাপন বাধাগ্রস্ত হচ্ছে।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ এবং কেন্দ্রীয় খেলাঘর ও হকার্স ইউনিয়নের নেতৃবৃন্দ।
